চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন শ্রমিক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপইয়ার্ডের একটি জাহাজে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে শ্রমিকরা সেখানে এগিয়ে যান। মুহূর্তেই বিষাক্ত গ্যাসের প্রভাবে কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস লিকেজে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন জানান, তাদের টিম ইয়ার্ডের ভেতরে কাজ চালিয়ে যাচ্ছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে জন শ্রমিক হতাহত হওয়ার খবর পেয়েছি। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।’