জাকসুর উদ্যোগে ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে ২৯ কোটি টাকার বাজেট অনুমোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইন্টারনেট অবকাঠামো উন্নয়নে প্রায় ২৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর আওতায় এ বাজেট অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন।

রাশেদুল ইসলাম লিখন জানান, জাকসুর উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নিরন্তর প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অবকাঠামো শক্তিশালীকরণের জন্য এ বাজেট অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

প্রকল্পের আওতায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভার ও আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পাশাপাশি আবাসিক হলগুলোর প্রতিটি কক্ষে উচ্চগতির Wi-Fi সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো ক্যাম্পাসে দ্রুত, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রযুক্তিনির্ভর সেবায় আরও সহজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

রাশেদুল ইসলাম লিখন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে জাকসুর কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীবান্ধব ও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে জাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে।