গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সম্মুখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
এ সময় উপস্থিত ছিলেন– প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জলবায়ু মোকাবিলা এবং একটি টেকসই, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সফল করতে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক। “সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সর্বসাধারণকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, ফলদ, বনজ ও ঔষধি গাছের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি রয়েছে ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব। বৃক্ষরোপণ ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ফল, ঔষধ ও আসবাবপত্রের জন্য কাঠ আমদানিতে দেশের শত শত কোটি টাকা ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে।
পরে ভাইস-চ্যান্সেলর একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে হাবিপ্রবি ক্যাম্পাসে বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
