আজ শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আজ শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়
উচ্চ আদালত। ফাইল ছবি

আজ শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামির আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ।

সোমবার (২৪ আগস্ট) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আজকের (মঙ্গলবার) দিন ধার্য করেছেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর বিচারিক প্রক্রিয়া শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। তবে সে সময় মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছিল।

নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠাতে হয়। সে প্রক্রিয়া ও পেপারবুক তৈরির আনুষ্ঠানিকতা শেষে মামলাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির জন্য আসে। দীর্ঘ শুনানি শেষে আজ এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।