নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৭, বিদেশিসহ নিখোঁজ ৩৮৪
নেপালে হঠাৎ করে নেমে আসা আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির বিভিন্ন জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নেপাল পুলিশ।
এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে পানি হঠাৎ বেড়ে যাওয়ায় সৃষ্ট এই বন্যায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। যার মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন স্থানীয় নেপালি নাগরিক রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা কোথায় আছেন এবং নিরাপদে আছেন কি না, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।
বুধবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর ঠিক উত্তরের রাসুয়া জেলায় এই আকস্মিক বন্যা আঘাত হানে। ভোতে কোশি নদীর আশপাশের এলাকা ও সীমান্তসংলগ্ন জনপদে বন্যার পর থেকেই বড় একটি পর্যটক দলের কোনো খোঁজ মিলছে না।
নেপাল ট্যুরিজম বোর্ডের তালিকা অনুযায়ী, নিখোঁজ ২৯১ জন বিদেশির মধ্যে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন, একজন অস্ট্রেলীয় এবং একজন ডাচ নাগরিক রয়েছেন।
এ ছাড়া বাকি ১১১ জন বিদেশির পরিচয় বা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
