জমাকালো আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি। আজ শনিবার(২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের ফুল,বিশ্ববিদ্যালয়ের চিহ্ন খোচিত কলম, নির্দেশিকা ও প্যাড দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেন আমরা সফলতার উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সে জন্য আপনাদের সহযোগিতা চাই।
এসময় পূর্ণাঙ্গ আবাসিকতার প্রতিশ্রুতি দিয়ে উপাচার্য বলেন,আমার মেয়াদ শেষ হওয়ার আগেই আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিকতার বিষয়টি নিশ্চিত করতে চাই। যদি নিশ্চিত করতে নাও পারি, অন্তত যেন কাজটি শুরু করে যেতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি যদি এটা করতে না পারি, তাহলে পরবর্তী মেয়াদে আমাকে আর দায়িত্বে দেখবেন না।’
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণা ও ঐতিহ্যের দিক থেকে এ বিশ্ববিদ্যালয়ের বিশেষ অবস্থান রয়েছে। এখানে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারেন।’
শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় অঙ্গনে কথা বলার স্বাধীনতা চায়। এটি স্কুল বা পাঠশালা নয়, এটি বিশ্ববিদ্যালয়। অবশ্যই শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করবে। কিন্তু মনে রাখতে হবে, স্বাধীনতা মানে অবাধ্যতা নয়; স্বাধীনতা মানে দায়িত্বশীলতা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ,কোষাধ্যক্ষ অধ্যাপক মো.মতিয়ার রাহমান, ছাত্র উপদেষ্টা ড.মো. খুরশিদ আলম, প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের সভাপতি, পরিচালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
