নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার এই অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজ সচল রাখতে এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় রাখতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী প্রতিমন্ত্রী হিসেবে নির্ধারিত দায়িত্বের পাশাপাশি মন্ত্রণালয়ের অন্য সব বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন হুমায়ুন কবির।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন ড. খলিলুর রহমান। গত ২ জুন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছর মেয়াদের এই দায়িত্ব পালনের জন্য তাকে দীর্ঘ সময় নিউইয়র্কসহ দেশের বাইরে অবস্থান করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ এর আগে সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদটি পেয়েছিল।

এদিকে গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদল আনা হয়। এ সময় টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান হুমায়ুন কবির। এ মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে গত ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে ‘প্রতিমন্ত্রী-১’ এবং শামা ওবায়েদ ইসলামকে ‘প্রতিমন্ত্রী-২’ হিসেবে চিহ্নিত করে কাজের সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল।