ইসির গেজেট প্রকাশ : ১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক গেজেটে এই তথ্য জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারিত আসনগুলোর তালিকায় রয়েছে— ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
নতুন এই বিন্যাস অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার পাশাপাশি নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে নতুন মোকামতলা উপজেলা। একইভাবে ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে নতুন বাঙ্গরা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা যুক্ত করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও পরিবর্তন আনা হয়েছে।
তবে নতুন কিছু উপজেলা ও প্রশাসনিক এলাকা যুক্ত হলেও বেশিরভাগ আসনের মূল ভৌগোলিক সীমানায় বড় কোনো পরিবর্তন হয়নি বলে ইসি সূত্রে জানা গেছে।
