স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত এই তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এরা সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সে সময় ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে নাম অন্তর্ভুক্তির দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে ভোটার তথ্যে সংশোধনের আবেদন নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ইসির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর থেকেই স্থানীয় সরকারের বিভিন্ন ধাপের নির্বাচন শুরু হতে যাচ্ছে। কমিশন জানিয়েছে, এবার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে বেশি প্রাধান্য দিয়ে ভোটের সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
