হল সংসদ নেতাদের নানা অভিযোগ-দাবি, দ্রুত সমাধানের আশ্বাস জাবি উপাচার্যের

হল সংসদ নেতাদের নানা অভিযোগ-দাবি, দ্রুত সমাধানের আশ্বাস জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হলগুলোর আবাসন, অবকাঠামো, নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন অনিয়ম ও অসংগতি এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের নানা ভোগান্তির বিষয় তুলে ধরেন হল সংসদের নেতারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল সংসদের সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। তারা নিজ নিজ হলের সমস্যা, শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং হল ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সংকটের কথা প্রশাসনের কাছে তুলে ধরেন। একই সঙ্গে হল পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের ভিপি রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমাদের অন্যতম প্রধান দাবি ছিল হলের সামনের দোকানগুলো হলের অধীনে নেওয়া। এ বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানে পৌঁছানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এ লক্ষ্যে হলের শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।”

এ সময় দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাঠানো বিভিন্ন ফাইলের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবিও জানানো হয়। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজ যেন অযথা প্রশাসনিক জটিলতা ও বিলম্বের কারণে আটকে না থাকে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হল সংসদের নেতারা।

চ্যান্সেলর কাপের বিষয়টি তুলে ধরে রাকিবুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় নজরুল হলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হলেও এখনো ট্রফি হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ট্রফি প্রদানের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া হলে ইমাম ও প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ, ফায়ার ডোর স্থাপন, বিভিন্ন কক্ষে পানি পড়ার সমস্যা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন নানা ভোগান্তির বিষয়ও সভায় তুলে ধরা হয়। একই সঙ্গে হলের সামনের মাঠ সংস্কারের দাবিও জানানো হয়েছে।

রাকিবুল ইসলাম আরও বলেন, “আমরা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন যৌক্তিক দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছি। আশা করছি, প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”

সভায় হল সংসদের নেতাদের বক্তব্য ও উত্থাপিত অভিযোগগুলো মনোযোগ সহকারে শোনেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে তিনি উত্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে হলভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।