রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত হলো নতুন বিভাগ

রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত হলো নতুন বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে এবার বরিশাল বিভাগকে যুক্ত করা হয়েছে। ফলে দেশের মোট সাতটি বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর—এই ছয়টি বিভাগীয় শহরকে ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

নতুন করে বরিশাল বিভাগ যুক্ত হওয়ায় এবার মোট সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে বরিশাল ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের রাজশাহী বা অন্য কোনো দূরবর্তী কেন্দ্রে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ভোগান্তি কমবে।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ব্যয় সংক্রান্ত কারণে কেন্দ্রকে বাতিল করা হয়। এবার কেন্দ্র তালিকায় বরিশালকে পুনরায় যুক্ত করা হলো।