রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬৪ জন
রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার এই নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় চালানো এই অভিযানে বিভিন্ন অপরাধের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৫৩ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৭৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে পুলিশ আসামিদের কাছ থেকে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার পিস রঙ্গিন কাগজ জব্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।