পাবিপ্রবিতে নজরুলের সাম্যবাদ নিয়ে সেমিনার, পুরস্কার বিতরণ

পাবিপ্রবিতে নজরুলের সাম্যবাদ নিয়ে সেমিনার, পুরস্কার বিতরণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নজরুল বর্ষ উদ্যাপন-২০২৬ উপলক্ষে ‘নজরুলের সাম্যবাদ ও বাংলাদেশের সংস্কৃতিতে এর প্রভাব’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন, মানবিক মূল্যবোধ এবং বাংলাদেশের সংস্কৃতিতে তাঁর চিন্তাধারার প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবির। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাঁধন।

সেমিনারে বক্তারা বলেন, নজরুল ও রবীন্দ্রনাথকে মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই কাম্য নয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের সাহিত্যকর্ম বাদ দিয়ে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা সম্ভব নয়। তাঁদের রচনার মধ্য দিয়েই তাঁদের মূল্যায়ন করতে হবে। জ্ঞানের জগতে দলাদলির কোনো স্থান নেই। সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে সাহিত্যচর্চা ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, নজরুল ছিলেন সাম্য ও অসাম্প্রদায়িকতার কবি। অন্যায় ও অবিচার দেখলে তিনি নীরব থাকতেন না। বর্তমানে জাতি, ধর্ম ও মতাদর্শের নামে সমাজে বিভাজন তৈরি হচ্ছে। অথচ নজরুল মানুষের পরিচয়ের আগে মানবিক পরিচয়কে গুরুত্ব দিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নজরুলকে পড়তে হবে এবং নতুন করে জানতে হবে। শিক্ষার্থীদের বিবেকবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাঁরাই আগামীর বাংলাদেশ; তাঁদের মাধ্যমেই দেশের অগ্রগতি ও উন্নয়ন সম্ভব। অন্যের মতামতকে শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে। প্রতিবাদ হতে হবে ন্যায় ও মানবিকতার পক্ষে।

সেমিনার শেষে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন