ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আসনটির তিন উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে বর্তমানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
চূড়ান্ত লড়াইয়ে থাকা প্রার্থীরা হলেন—বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন (যিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ ছাড়া উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।