নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসায় সোহাগ আলী (১৯) নামের আরও এক অনলাইন প্রতারককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে মেহরকয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ আলী লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মেহরকয়া এলাকার নজরুল মণ্ডলের ছেলে।
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকের ফেক আইডি, ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সোহাগ আলীর বাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল।
অভিযানকালে তার ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং ৮ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ অনলাইনে প্রতারণার কথা স্বীকার করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যে ইয়াবা সেবনের কথাও স্বীকার করেছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) নাটোরের লালপুরের গন্ডবিল এলাকায় অভিযান চালিয়ে ৫টি মোবাইল ও ২৫টি সিমকার্ডসহ শিমুল আলী ও সজীব আলী নামের দুই সহোদর অনলাইন প্রতারককে গ্রেফতার করেছিল এসআরবি-৫।