পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রাঘাতে ছয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনামুখী বিলে এই দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনামুখী বিলে বেশ কয়েকজন তরুণ ও কিশোর মাছ ধরতে যান। বিকেল ৫টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা আশ্রয় নেওয়ার জন্য পলিথিন দিয়ে তৈরি একটি ছোট কুটিরে যান।
ঠিক সে সময়ই সেখানে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। নিহতরা সবাই কিশোর ও তরুণ হলেও তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বজ্রাঘাতের পরপরই স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।