এইচএসসি ও সমমান পরীক্ষা • পাসের হার কমেছে ৬.৭১, জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ

পাসের হার কমেছে ৬.৭১, জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের উল্লাস। ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা আগের বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

পাসের হারের পাশাপাশি এবারের ফলে বড় ধরনের ধস নেমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও। ১১টি বোর্ডে এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ কমেছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার পর আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফল ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। সাধারণ বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ। এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারছেন।

উল্লেখ্য, গত ২ জুলাই ৯টি সাধারণ বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা ঝুলিয়ে রাখতে হয়। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন করে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হয়।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
প্রিফিক্স
লাইন স্পেসিং
--
প্রিফিক্স স্পেস
হেডলাইনের পজিশন