এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে দেখা গেছে, সারা দেশে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করলেও অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। এর আগে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ এবং বিভিন্ন বিষয়ে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।