সব দলের প্রস্তুতির পর নির্বাচনের তফসিল চায় এনসিপি

সব দলের প্রস্তুতির পর নির্বাচনের তফসিল চায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : ঢাকা মনিটর ২৪ গ্রাফিক্স

সব দলের প্রস্তুতির পর নির্বাচনের তফসিল চায় এনসিপি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের সব রাজনৈতিক দলের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনায় রাখা উচিত।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ: জাতীয় সম্পদ ও কৌশলগত সার্বভৌমত্বের সমন্বয়’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ারন অসুস্থতার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান (খালেদা জিয়া) অসুস্থ। নির্বাচনের তফসিল এমনভাবে ঘোষণা করা উচিত, যেন সব দল তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি গুছিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।’

আরও পড়ুন- পাবিপ্রবিতে স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন : কর্মচারী বরখাস্ত

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, তবে দেশের পরিণতি ভয়াবহ হতে পারে।’ নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রা শুরু করে, সেটাই আমরা চাই।’

এনসিপি নির্বাচনপন্থী উল্লেখ করে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, তারা কোনো দলের সঙ্গে জোটে যেতে আগ্রহী নন। নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়েই তারা নির্বাচনে অংশ নিতে চান।

এ সময় তিনি বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যেই এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এনসিপি কারও সঙ্গে কোনো সমঝোতায় যায়নি বলেও তিনি নিশ্চিত করেন।’