জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসা ভাড়া ও বিল পরিশোধকে কেন্দ্র করে দুই দফা মারামারি ও হাতাহাতির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং ছাত্রনেতা (কর্মী) রাসেল খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে পদ থেকে এবং ছাত্রনেতা রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জাবি সংলগ্ন আমবাগান এলাকায় সাবলেট বাসা ভাড়া ও বিল পরিশোধকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক ও কর্মী রাসেল খন্দকারের মধ্যে প্রথম দফায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে দ্বিতীয় দফায় তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়।
এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।