নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে : ইসি সানাউল্লাহ

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে : ইসি সানাউল্লাহ
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : বাসস

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে : ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনকে বানচাল, প্রতিহত বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে—এমন একটি স্পষ্ট বার্তা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একযোগে এসেছে। যেখানে যতটুকু দৃঢ়তা প্রয়োজন, বাহিনীগুলো সেখানে ততটুকুই কঠোর অবস্থানে থাকবে।”

আরও পড়ুন- চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

তিনি বলেন, “নির্বাচন কমিশনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে যেসব বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার অবহিত রয়েছে।”

ইসি সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগে সন্ত্রাসীরা যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সন্ত্রাসীদের উস্কানি বা পলায়নে সহায়তা করছে কি না—সেসব বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে।”

আরও পড়ুন- ওসমান হাদির বাড়িতে চুরি

সম্প্রতি শরীফ ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, “এ ঘটনাটি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত না জানালেও কিছু অভ্যন্তরীণ বিষয় সামনে এসেছে, যেগুলোর সঙ্গে নির্বাচন ও নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তির অতীত ও তার অপরাধমূলক রেকর্ড নিয়েও আলোচনা হয়েছে।”