ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। তবে হালকা মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১ ডিসেম্বর মধ্যরাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মিনজিনে। চট্টগ্রামসহ দেশের কিছু অংশে এই ভূমিকম্প অনুভূত হয়।

তার আগে গত ২৭ নভেম্বর রাজধানী ঢাকায় বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। ওই দিন ভোরের দিকে সিলেটে ও কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূ-কম্পন অনুভূত হয়।

এর আগে ২১ নভেম্বর, শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়।

এর মধ্যে ২১ নভেম্বর সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ওইদিন ভূমিকম্পে দেশে ১০ জন নিহত হন। আহত হন ৫ শতাধিক মানুষ।