রঙিন স্বপ্নে ঈদ উৎসবের রঙতুলি: ৫০০ শিশুর প্রাণবন্ত অংশগ্রহণ

রঙিন স্বপ্নে ঈদ উৎসবের রঙতুলি: ৫০০ শিশুর প্রাণবন্ত অংশগ্রহণ

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রঙিন স্বপ্নে ঈদ উৎসবের রঙতুলি’ শীর্ষক দিনব্যাপী শিশু উৎসব।

রোববার (৩১ মে) রাজধানীর উত্তরার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক এলাকার প্রায় ৫০০ শিশু অংশ নেয়।

উৎসবে অংশগ্রহণকারী শিশুদের জন্য পবিত্রতার প্রতীক বিভিন্ন ফুলের নামে ছয়টি গ্রুপ গঠন করা হয়। গ্রুপগুলো হলো— রক্তজবা, কাঠগোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, জুঁই ও চামেলি।

দিনব্যাপী আয়োজনে সাধারণ জ্ঞান, ছবি আঁকা, হাতে-কলমে শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ এবং রোল প্লে (দলীয় অভিনয়) অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের জন্য বিভিন্ন আকর্ষণীয় উপহারও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এছাড়া সৌদি আরব, মিশর, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও তুরস্ক থেকে আগত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিরা শিশুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বানও জানান তারা।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ফুলকুঁড়ি আসর ‘একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা’—এই পাঁচ আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষা, শরীরচর্চা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

ট্যাগস :