বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির গোল উৎসব

বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির গোল উৎসব
কুরাসাওয়ের বিপক্ষে গোল করে উদযাপন করছে জার্মানি। ছবি : ফিফা

বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির গোল উৎসব

বিশ্বকাপের মঞ্চে শক্তি ও অভিজ্ঞতার বিচারে জার্মানি আর কুরাসাওয়ের মধ্যে যোজন যোজন পার্থক্য। মাঠের লড়াইয়েও সেই শক্তির ছাপ স্পষ্ট দেখা গেল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই জার্মানি ছিল আক্রমণাত্মক। ম্যাচের চতুর্থ মিনিটেই ফেলিক্স নমেচার গোলে লিড নেয় জার্মানরা।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কুরাসাও। ম্যাচের ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফিরে বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাসে প্রথম গোল করার স্বাদ পায় ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রটি।

ম্যাচের ৩৮তম মিনিটে নিকো শ্লটারবেকের গোলে জার্মানি ফের এগিয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে কুরাসাও ডিফেন্ডার বাজুর বক্সের ভেতরে নমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজ সেই পেনাল্টি থেকে গোল করে বিরতির আগে দলের ব্যবধান ৩-১ করেন।

প্রথমার্ধে দারুণ লড়াকু ফুটবল উপহার দিলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে কুরাসাও। বিরতির পর কুরাসাও যেন পুরোপুরি ভেঙে পড়ে। একের পর এক জার্মান আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তাদের রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জামাল মুসিয়ালা গোল করে ব্যবধান ৪-১ করেন। এরপর ৬৮তম মিনিটে নাথানিয়েল ব্রাউন ও ৭৮তম মিনিটে দেনিজ উন্দাভ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৬-১। ম্যাচের ৮৮তম মিনিটে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি করলে ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

বিশ্বকাপে নবাগত কুরাসাও প্রথম গোল করার ইতিহাস গড়লেও, জার্মানির অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি তারা। এই জয় দিয়ে জার্মানি জানিয়ে দিল, এবারের শিরোপা দৌড়ে তারা কতটা ভয়ঙ্কর।