জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ
জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে জেবা আমিনা খানের ভাষার ব্যবহার ও পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া ট্রল ও নেতিবাচক সমালোচনার মুখে পড়েছেন বিএনপির এই সংরক্ষিত নারী সংসদ সদস্য।
তবে এমন পরিস্থিতিতে জেবা আমিনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ। পাশাপাশি জেবা আমিনের সমালোচনাকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিএনপির আরেক সংসদ সদস্য মানসুরা আক্তার।
বুধবার (১৭ জুন) বিকেলে জামায়াত নেত্রী ও সংসদ সদস্য মারদিয়া মমতাজ তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘একজন বক্তার বক্তব্যের সঙ্গে আপনার দ্বিমত থাকতেই পারে, সেটা নিয়ে সুস্থ আলোচনা করুন। কিন্তু তার পোশাক বা ভাষা নিয়ে কটাক্ষ করা খুবই নিচু মানসিকতার পরিচয়।’
তিনি জেবা আমিনের প্রবাস জীবনের বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, ‘জেবা আমিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তাই তার কথায় বাংলা-ইংরেজি মিশে যাওয়া খুবই স্বাভাবিক। তিনি সংসদে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন—দূরবর্তী অঞ্চলের কাঁচা রাস্তার সমস্যার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এবং সরকারি সেবা পৌঁছাতে দেরি হওয়ার মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ও দুঃখজনক।’
সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘যারা জনসমক্ষে অন্য নারীর পোশাক ও কথা নিয়ে ট্রল করেন, তাদের পরিবারের সদস্যদের রুচি নিয়ে আমার সন্দেহ হয়।’
এর আগে একই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন বিএনপির সংসদ সদস্য মানসুরা আক্তার। যারা নারীর ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে সবসময় সোচ্চার, তাদের ‘সিলেক্টিভ প্রতিবাদ’ বা বাছাই করা নীরবতার সমালোচনা করেন তিনি।
মানসুরা আক্তার লিখেছেন, ‘যারা দুই দিন আগে পোশাক নিয়ে অবমাননার প্রতিবাদে ব্যাপক চেঁচামেচি করেছিলেন, তারাই আবার আজ জেবা আমিনের পোশাক নিয়ে অসভ্যতা করছেন।’
বিভিন্ন প্রগতিশীল বা নারীবাদী সংগঠনের নীরবতাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এসব নিরপেক্ষতার মুখোশ পরা মানুষদের কাছ থেকে কোনো প্রতিবাদ আসবে না, এটাই স্বাভাবিক। এসব আবর্জনাময় মানসিকতার চর্চা যত কম হয়, ততই দেশের জন্য ভালো।’
উল্লেখ্য, জাতীয় সংসদে কাঁচা রাস্তা নিয়ে জেবা আমিনা খানের তোলা গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক বক্তব্য এড়িয়ে কেবল তার বাচনভঙ্গি ও পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।