রাবি ইংলিশ স্পিকিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংলিশ স্পিকিং ক্লাবের (RUESC) ২০২৬–২৭ মেয়াদের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আরবী বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার শিফা।
বৃহস্পতিবার (২৫ জুন) ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। অনুমোদনদাতাদের মধ্যে ছিলেন- অধ্যাপক ফারহাত তাসনিম, অধ্যাপক সাখাওয়াত হোসেন, অধ্যাপক শফিকুজ্জামান জোয়ার্দার, গোলাম মোর্শেদ, নাসিম রানা মাসুদ এবং সদ্য বিদায়ী সভাপতি রাফিউল হাসান।
নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ ও পেশাগত সাফল্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ক্লাব কাজ করবে বলে তিনি জানান।
সাধারণ সম্পাদক তানিয়া আক্তার শিফা বলেন, ইংরেজি ভাষা দক্ষতার পাশাপাশি নেতৃত্ব, ব্যক্তিত্ব বিকাশ ও সফট স্কিল উন্নয়নে আগামী বছরে বিভিন্ন কর্মশালা, পাবলিক স্পিকিং সেশন, বিতর্ক, ইংরেজি কথোপকথন কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মোসা. ফাতেমাতুস সালমা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এস এম রেদোয়ান জুনায়েদ, অর্থ সম্পাদক শাফিন কবির, মিডিয়া সম্পাদক তাজরিমা হক প্রমিসহ বিভিন্ন পদে ১৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ স্পিকিং ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ইংরেজি ভাষা শিক্ষা, পাবলিক স্পিকিং, নেতৃত্ব বিকাশ ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।