পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রঘোষিত এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা শহর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সামা, পাবনা জেলা জামায়াতের শূরা সদস্যসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
পাবিপ্রবি শিবির সভাপতি তুষার মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রঘোষিত এক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছি। সবাই অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের মুক্ত বাতাস লাগুক সবার মনে। এই স্লোগানকে সামনে রেখেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।’
