অক্টোবরকে সামনে রেখে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনের জন্য অক্টোবর মাসকে লক্ষ্য রেখে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সোমবার (৬ জুলাই) রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ করছি। তবে এর মানে এই নয় যে, নির্বাচন ওই মাসেই হবে। সরকার এবং স্থানীয় সরকারের আইনি বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন আছে। তাই সরকারের সঙ্গে সমন্বয় ছাড়া সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা এখন সম্ভব নয়।’
স্থানীয় সরকারের নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদের নির্বাচনের আইনি কাঠামোর পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণের ক্ষমতা কমিশনের হাতে থাকলেও, স্থানীয় সরকারের ক্ষেত্রে ওয়ার্ড পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত সমন্বয় করা জরুরি। যেসব এলাকায় সীমানা নিয়ে জটিলতা আছে, তা দ্রুত নিষ্পত্তির জন্য কমিশন শিগগিরই সরকারকে চিঠি দেবে।
কমিশনার আরও জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়। কোন নির্বাচন আগে প্রয়োজন এবং কোথায় জনপ্রতিনিধি না থাকায় মানুষ বেশি ভোগান্তিতে আছে—সেগুলো যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে এবং কমিশন সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে।
অনুষ্ঠানে অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি শুরু করেছে। তিনি জানান, নির্বাচনের আচরণবিধির খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে সংশোধনের কাজ চলছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সীমানা নির্ধারণের বিষয়গুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
