রাবিতে ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত ঘিরে সিনিয়র-জুনিয়রের হাতাহাতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে অন্তর্বিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে বিভাগের প্রথম বর্ষ (দ্বিতীয় সেমিস্টার) ও দ্বিতীয় বর্ষ (দ্বিতীয় সেমিস্টার) শিক্ষার্থীদের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ‘অ্যাগ্রোনমি প্রিমিয়ার লীগ’-এর একটি ম্যাচে প্রথম বর্ষের দল ২-০ গোলে এগিয়ে ছিল।
ম্যাচের শেষ দিকে দ্বিতীয় বর্ষের এক খেলোয়াড়ের ফাউলের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে মাঠে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সায়েদ বলেন, ‘রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর উগ্র আচরণের কারণে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। পরে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নিজেরা বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বিভাগীয় পর্যায়ে সমাধান না হলে প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
