জাবির পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি জাবি ছাত্রশক্তির 

জাবির পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি জাবি ছাত্রশক্তির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদোন্নতি বোর্ডে সুপারিশ না পাওয়া এক কর্মচারীর নাম কীভাবে বোর্ডের রেজুলেশনে অন্তর্ভুক্ত হলো—এ নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদোন্নতি বোর্ডে যে বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, তা কীভাবে পরবর্তীতে বোর্ডের রেজুলেশনে স্থান পেল এবং একজন বোর্ড সদস্য অসংগতি চিহ্নিত করার পর কেন রেজুলেশন সংশোধনের প্রয়োজন হলো—এসব বিষয় স্পষ্ট করা প্রয়োজন।

জাতীয় ছাত্রশক্তির দাবি, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিতে বোর্ডের প্রকৃত সিদ্ধান্তের সঙ্গে অসংগতিপূর্ণ তথ্য অন্তর্ভুক্তির ঘটনাকে শুধু ‘খসড়া তৈরির ভুল’ হিসেবে দেখার সুযোগ নেই। কীভাবে, কার মাধ্যমে এবং কোন প্রক্রিয়ায় ওই অসংগতি তৈরি হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।

একই সঙ্গে রেজুলেশনে ওই তথ্য অন্তর্ভুক্তির পেছনে কোনো ধরনের প্রভাব, চাপ, ব্যক্তিগত সুবিধা কিংবা স্বার্থসংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পদোন্নতি বোর্ডের প্রকৃত সিদ্ধান্ত ও রেজুলেশনের মধ্যে অসংগতির কারণ নির্ধারণ, সংশ্লিষ্ট নাম বা তথ্য কীভাবে রেজুলেশনে অন্তর্ভুক্ত হলো তা তদন্ত, রেজুলেশন প্রস্তুত, যাচাই ও সংশোধনের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা এবং কোনো ব্যক্তি বা মহলের প্রভাব, চাপ বা নির্দেশে রেজুলেশনে পরিবর্তনের চেষ্টা হয়েছিল কি না, তা অনুসন্ধান করা।

এ ছাড়া অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

সংগঠনটি বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নথি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব বিস্তারের ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও নথিভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ করা প্রয়োজন।

বিষয়টি ধামাচাপা না দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন এবং তদন্তের ফলাফল বিশ্ববিদ্যালয় পরিবারের সামনে প্রকাশের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।