জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে সমবেত হয়েছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আমরা তাঁর রুহের মাগফিরাতের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করব।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, “আমরা আজকের এই মিলাদ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করব, যেন আল্লাহ তাঁকে রহমত ও শান্তি দান করেন। আজকের আয়োজন সফল করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আজকের এই আয়োজনের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের এই দোয়া কবুল করুন।”
দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।