বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন : জাবিতে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
অব্যাহতি পাওয়া দুই নেতার মধ্যে এহতেশামুল হক শিমুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। অন্যজন ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, এহতেশামুল হক শিমুল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি শেয়ার করে ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’ মন্তব্য করেন। অপরদিকে ফয়েজ হাওলাদার একটি পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর ছবির সামনে নিজের স্যালুট দেওয়া ছবি ফেসবুকে প্রকাশ করেন। ওই পোস্টের সঙ্গেও তিনি ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’ মন্তব্য করেন।
পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ছাত্রদলের সাংগঠনিক পর্যায়ে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতির পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে তাদের আর কোনো দায়িত্ব থাকছে না।