নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম (বামে) ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান (ডানে)। ছবি : ঢাকা মনিটর ২৪ গ্রাফিক্স

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

রাষ্ট্রপতিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন।’

এ সময় ২০০১-২০০৪ সালের চারদলীয় জোট সরকারের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।’

অভিনন্দন বার্তার শেষে জামায়াত আমির নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সফলভাবে পালনের জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।