জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম এবং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে এ কার্যক্রম বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে বর্জ্য উৎপাদন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি একটি টেকসই ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পথে কার্যকর অগ্রগতি হবে।
