নবীন শিক্ষার্থীদের নিয়ে পাবিপ্রবি ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট শুরু

নবীন শিক্ষার্থীদের নিয়ে পাবিপ্রবি ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাবিপ্রবি শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক মো. রুমেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘যেকোনো টুর্নামেন্ট, যেকোনো খেলা—তার একটি সূচনা থাকে। কিন্তু আমি বলব, আজকের এই আয়োজন শুধু একটি টুর্নামেন্টের সূচনা নয়। এটি আমাদের সবার বন্ধুত্বের এক মিলনমেলা।’

তিনি বলেন, ‘ফুটবল এমন একটি খেলা, যেখানে ভাষা, মত কিংবা কোনো বিভেদ বাধা হয়ে দাঁড়ায় না। দল-মত নির্বিশেষে সবাইকে এটি এক কাতারে দাঁড় করিয়ে দেয়। আর এটাই ফুটবলের অন্যতম মাহাত্ম্য। এই টুর্নামেন্টের প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি দৌড় আমাদের শেখায়—কীভাবে একসঙ্গে লড়তে হয়, কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে হয় এবং কীভাবে একসঙ্গে জয়ী হতে হয়।’

উপাচার্য আরও বলেন, ‘আমি আশা করি, এই আয়োজনের মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনব, জানব এবং আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এই বন্ধুত্বের বন্ধনকে কাজে লাগিয়ে আমরা নিজেদের, নিজেদের বিভাগ এবং সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাব।’