জাবিতে চাঁদাবাজি, পদোন্নতিসহ ৬ দফা দাবিতে তদন্ত চেয়ে জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে আসাদুল আলম শেখের সংশ্লিষ্টতার অভিযোগসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান ছয় দফা দাবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী আসাদুল আলম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরসহ যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে তদন্ত ও বিচার নিশ্চিত করা।

এ ছাড়া জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে আসাদুল আলম শেখের কথোপকথনসহ সংশ্লিষ্ট চ্যাট, যোগাযোগ, ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণ আইনানুগভাবে যাচাই করে ছাত্রলীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠনের দাবি জানানো হয়। একই সঙ্গে আসাদুলের সঙ্গে কথোপকথন ও চ্যাটে যাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তাদের বিষয়েও তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তৃতীয় দাবিতে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগের সঙ্গে সালাম-বরকত হলের কম্পিউটার অপারেটর মনির, সালাম-বরকত হল সংসদের ভিপি মারুফ এবং জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চতুর্থ দাবিতে জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় সংগঠনটি।

পঞ্চম দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে উত্থাপিত অসঙ্গতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাতের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। পাশাপাশি দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান ছাড়াও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শরীফ, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।