রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের শাখছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়।
এবিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান রাহি বলেন,’আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে তিন মাসের পরিষ্কার অভিযান তিনি উদ্বোধন করেছেন। তার আহবানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমরা পরিষ্কার অভিযান কর্মসূচি হাতে গ্রহণ করেছি। এই কর্মসূচি আমাদের তিন মাসব্যাপী চলমান থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আজকে এবং কালকে দুই দিন হলে পরিষ্কার অভিযান করবো। পরবর্তীতে প্রতি সপ্তাহে আমরা এই অভিযান পরিচলনা করবো। পরবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিব যাতে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কারের আওতায় নিয়ে আসতে পারি।’
শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বলেন,‘সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গোটা দেশ জুড়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম উদ্বোধন করেছেন তারই কর্মসূচি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, বিভিন্ন মেস এবং এখানে অনেকের স্থানীয় বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল করেছি।’
ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।