রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পাওয়া ভোটের সমপরিমাণ গাছ লাগানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ৭২৫টি গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফ আলভী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন শেষে এ কর্মসূচি শুরু করেন তিনি।
আরিফ আলভী রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি মোট ১ হাজার ৭২৫ ভোট পান। নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে পাওয়া ভোটের সমপরিমাণ গাছ ক্যাম্পাসে রোপণ করবেন।
প্রথম ধাপে ৭২৫টি গাছের মধ্যে ১১ প্রজাতির চারা রয়েছে। এর মধ্যে কাঁঠাল ১৫০টি, মেহগনি ১০০টি, ছাতিম ৭৫টি, জয়তুন ১০০টি, ঝাউ ৫০টি, বকুল ৫০টি, তেঁতুল ৩০টি, আতা ২০টি, অর্জুন ৭৫টি, জাম ৫০টি ও হরীতকী ২৫টি।
কর্মসূচির বিষয়ে আরিফ আলভী বলেন, ‘নির্বাচনে আমার ইশতেহারে বলেছিলাম, আমি হেরে যাই কিংবা জিতে যাই, আমি যতগুলো ভোট পাবো সেই পরিমাণ গাছ রোপণ করবো। ইশতেহারের অংশ হিসেবে প্রথম ধাপে আমি ৭২৫ টি গাছ রোপণ করছি। আমি এখান থেকে ৫০ টি গাছ রেখে সাধারণ শিক্ষার্থীদের জন্য রেখে বাকি গাছগুলো প্রকল্পে হস্তান্তর করেছি এবং প্রকল্পের মাধ্যমে সেগুলো ক্যাম্পাসে রোপণ করা হবে।’
ভোটারদের ঋণ কখনো শোধ করা যায়না উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সম্মানার্থে আমি আমি বাংলাদেশ ৬৪ জেলায় ১৭২৫ গাছ লাগাতে চাই।’