জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুবাইয়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টায় এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে প্রায় ৩০টি দ্বিপাক্ষিক ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরালো করার ওপর গুরুত্ব দেন।
সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্র অবস্থানকালে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে এবং বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মী প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও বিদায়ী শুভেচ্ছা জানান।
এবারের সফরে জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন রোধ, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও অগ্রাধিকার বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।