কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? : জামায়াত আমির
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়ার্ড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের একটি ভিডিও শেয়ার করে জামায়াত আমির ক্যাপশনে লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।’
চাঁদাবাজদের হুশিয়ার করে তিনি লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, এর আগে শনিবার দিনগত মধ্যরাতে চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।