রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। পাশাপাশি খুদে বার্তার মাধ্যমে ৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এই হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
লুটপাটের পর ক্লিনিকের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলে কর্তৃপক্ষ। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে হানিফ মিয়া ছাড়াও অজ্ঞাতনামা আড়াই শ জনকে আসামি করা হয়।
এদিকে এই ঘটনায় সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্য ও বিএনপি নেতার ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।