জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিখোঁজ মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। রোববার বিকেল ৩টা ৮ মিনিটে তাঁকে হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়।
পরে তাঁর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবহিত করা হয়েছে।
এ ছাড়া সুইসাইড নোটে উল্লিখিত বিভাগীয় অবহেলার অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি।