একাডেমিক সংস্কারসহ ৬ দফা দাবিতে জাবি ছাত্রশক্তির মানববন্ধন, ভিসি অবরুদ্ধের হুঁশিয়ারি

একাডেমিক সংস্কারসহ ৬ দফা দাবিতে জাবি ছাত্রশক্তির মানববন্ধন, ভিসি অবরুদ্ধের হুঁশিয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক নিপীড়ন বন্ধ, উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা। দাবি বাস্তবায়ন না হলে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেওয়া ও উপাচার্যকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন তারা।

মানববন্ধনে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ওপর শিক্ষক কর্তৃক একাডেমিক নিপীড়নের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী একাডেমিক নিপীড়নের শিকার হলেও ভয়ে মুখ খুলতে পারেন না। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। দাবিগুলো বাস্তবায়ন না হলে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেওয়া এবং উপাচার্যকে অবরুদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

স্মারকলিপিতে ছয় দফা সংস্কার প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এর মধ্যে রয়েছে, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ওপর শিক্ষক কর্তৃক নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের হয়রানি, বৈষম্য ও একাডেমিক নিপীড়নের অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ‘একাডেমিক নিপীড়নবিরোধী সেল’ গঠন।

এ ছাড়া শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিয়মিত শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, টিউটোরিয়াল, মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে অভিন্ন নীতিমালার আওতায় মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের পাঠদান দক্ষতা যাচাইয়ে ডেমো ক্লাস গ্রহণ এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যবস্থাও চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন