নামাজ শেষে মসজিদের সামনেই সংঘর্ষ, আহত ২০

নামাজ শেষে মসজিদের সামনেই সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জুমার নামাজ শেষে মসজিদের সামনেই শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ সংঘর্ষ ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দার মাতুব্বর গ্রুপের নেতা ওবায়দুর মাতুব্বরের অনুসারীদের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার জুমার নামাজ পড়ার সময় সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

নামাজ শেষে বিষয়টি রূপ নেয় বড় সংঘর্ষে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসীর দাবি, মসজিদে কথা-কাটাকাটি থেকে ঘটনার শুরু হলেও মূল কারণ মূলত দুই দলের দীর্ঘদিনের ক্ষমতার লড়াই ও এলাকায় আধিপত্য বিস্তারের পুরনো বিরোধ।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, জুমার নামাজকে কেন্দ্র করে বাগবিতণ্ডার পর দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন