কাতারসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তবে আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তেহরানের মনে চরম সন্দেহ ও অনাস্থা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় থাকলেও ট্রাম্প প্রশাসনকে নিয়ে বিন্দুমাত্র আশাবাদী হতে পারছে না তেহরান।
তবে আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দেওয়া একটি বার্তাকে ইরান ইতিবাচকভাবে দেখেছে। সূত্রটি জানিয়েছে, তেহরান সেই বার্তার একটি উপযুক্ত ও আনুষ্ঠানিক জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
ইরানি নিরাপত্তা কর্মকর্তার মতে, মার্কিন প্রশাসনের ভেতরে হয়তো আলাদা আলাদা মত বা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রভাবশালী সহযোগীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং উগ্র যুদ্ধবাজদের উসকানিমূলক অবস্থানের কাছেই নতি স্বীকার করেন।
এই শঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের যেকোনো ধরনের সম্ভাব্য হামলা বা আগ্রাসনের বিরুদ্ধে কঠিন ও কঠোর জবাব দেওয়ার জন্য নিজেদের সব ধরনের সামরিক প্রস্তুতি বজায় রাখছে তেহরান।