নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা ভুল হবে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন নিয়ে ভাবা ভুল হবে। নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে এবং নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। আমরা নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।’
নতুন ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘আপনাদের পূর্বসূরীরা দেশের জন্য কাজ করেছেন। আপনারাও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন—এই প্রত্যাশা রাখি।’
এসময় তিনি প্যারেডে অংশ নেওয়া ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের সফলতা কামনা করেন এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আরিফুল হক, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।