বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ন্যায় ও শান্তির আহ্বান জামায়াত আমীরের
দেশের রাজনৈতিক উত্তাপ ও সামাজিক অস্থিরতার মধ্যে ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, আর এই সময়ে সবচেয়ে জরুরি হলো ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামতকে মর্যাদা দেওয়া। আজ সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- দুই অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড
জামায়াত আমীর বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আজ সময়ের দাবি।’
তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই—আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষভাবে এবং পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।’
তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং দেশের কল্যাণ ও সঠিক পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।