সঙ্কটাপন্ন খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাত ২টা আট মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট’ শীর্ষক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে জানানো হয়, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য আবেদন করা হয়েছে।
ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেসময় জানা যায়, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকেই থাকা হৃদরোগের সাথে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে।
এরপর গত বৃহস্পতিবার জানা যায়, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কারোনারি কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।