খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নেই : মির্জা ফখরুল
হঠাৎ অসুস্থ হয়ে গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে ‘সংকটাপন্ন’ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা বিদেশ নেওয়ার পরামর্শ দিলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তাকে বিদেশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘তাঁর এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাঁকে বিদেশে নেওয়ার মতো কোন শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্থিতিশীল হয় তখন চিন্তা করে দেখা হবে যে, তাঁকে বিদেশে নেয়া সম্ভব হবে কিনা।’
আরও পড়ুন- সঙ্কটাপন্ন খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে
তিনি বলেন, ‘প্রয়োজনীয় দেশগুলোর সাথে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব রকম যোগাযোগ রাখা হয়েছে। তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিংস এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করছেন।’
দলীয় নিষেধ অমান্য করে অনেক নেতা-কর্মীরা খালেদা জিয়ার জন্য হাসতাপালের সামনে অবস্থান করছেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন ও অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।
হাসপাতালে ভীড় না করার অনুরোধ করে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাব।’