আবারো ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
আবারো ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূ-কম্পন অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯।
তবে এবারে ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ নয়, মিয়ানমারের মিনগিন এলাকা ছিল জানিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকায়। এটি আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।’
আরও পড়ুন- ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ : ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
এর আগে গত নভেম্বর মাসে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। যার শুরুটা হয়েছিল গত ২১ নভেম্বর (শুক্রবার)। সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে।
২১ নভেম্বরের সেই ভূমিকম্পে রাজধানী ঢাকার বংশালে ভবনের রেলিংয়ের ইট খসে নিহত হন ৩ পথচারী।